মাস্তুল ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক : দেশ ও দেশের বাইরে নিরবচ্ছিন্নভাবে মানুষের সেবায় কাজ করে যাওয়ায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি সংগঠনটির বিভিন্ন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর হজের মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম শুধু টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সংগঠনটি বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও তাদের ভূমিকা রয়েছে। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য সংগঠনটি খাদ্য, ওষুধ ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।
রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে মন্ত্রী স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি ও স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সঙ্গে ত্রাণসামগ্রী বিতরণের নির্দেশ দেন।
নিজের কারাবন্দি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, কারাগারে থাকাকালে তিনি পানির কষ্ট অনুভব করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সচেষ্ট থাকেন।
তিনি আরও বলেন, সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরিচালনায় মাস্তুল ফাউন্ডেশন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে ভূমিমন্ত্রী এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ সংগঠনটির কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।






