বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

সাংগঠনিক গতিশীলতা বাড়াতে রিজভী, আমান, ডোনার ও ইসমাইল জবিউল্লাহকে মনোনয়ন

টুইট ডেস্ক: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফরহাদ হালিম ডোনার।

অন্যদিকে মো. ইসমাইল জবিউল্লাহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সর্বশেষ বড় ধরনের পুনর্গঠন হয় ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের পর। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু ও পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য যুক্ত করেছে দলটি।

এবার একসঙ্গে চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন নেতৃত্বের সংযোজন হলো।