বেগম খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপি-ছাত্রদলের দোয়া মাহফিল

নয়াপল্টনে কেন্দ্রীয় কর্মসূচি, ১৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের আয়োজন
টুইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে দেশব্যাপী দলের নেতাকর্মী ও সমর্থকদের দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ আগস্ট দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রোববার (১৬ আগস্ট) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একই কর্মসূচি পালনের কথা রয়েছে।
বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে এসব কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ এবং তার জন্য দোয়া করার কথা জানানো হয়েছে।
খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে আসেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।






