রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

ফেসবুকে ছড়ানো বিজ্ঞপ্তিকে ‘মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন রিজভী

টুইট ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত শুক্রবার (১৪ আগস্ট) রিজভীর স্বাক্ষরযুক্ত একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বিজ্ঞপ্তি দলের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।

শনিবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেন রুহুল কবির রিজভী। তিনি জানান, কোনো স্বার্থান্বেষী মহল তার স্বাক্ষর জাল করে গত ১৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই বিজ্ঞপ্তি প্রচার করেছে।

রিজভী বলেন, প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’। তার স্বাক্ষরে প্রচারিত ওই প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে বিএনপির দপ্তরের কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান।

এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ভুয়া বিজ্ঞপ্তিটি নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন।

বিএনপির পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দলীয় বিজ্ঞপ্তি বা রাজনৈতিক বার্তার সত্যতা যাচাই করে নেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।