নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ আগস্ট চালু হচ্ছে ১৫ তলা ভবন, হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ হাজারে
টুইট ডেস্ক: দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়াতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চালু হচ্ছে আরও ৫০০ শয্যার নতুন ভবন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটির উদ্বোধন করবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। নতুন ভবনটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ হাজারে। এর ফলে এটি দেশের অন্যতম বৃহৎ বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে।
নবনির্মিত ভবনটি ১৫ তলা বিশিষ্ট। এর মধ্যে নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং ও সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে। উপরের ১২ তলায় রয়েছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট।
নতুন ভবনে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন রয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা, ওপর থেকে পড়ে যাওয়া কিংবা বিভিন্ন দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিট রাখা হয়েছে। এই ইউনিটে ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের সুবিধা থাকবে।
চারটি অপারেশন থিয়েটারের মধ্যে দুটি মডুলার ওটি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জার্মান প্রযুক্তিনির্ভর এসব অত্যাধুনিক অপারেশন থিয়েটারে সংক্রমণের ঝুঁকি কমিয়ে অস্ত্রোপচার করা সম্ভব হবে।
নতুন ভবনে ৪০ শয্যার আইসিইউ, ২০ শয্যার এইচডিইউ এবং ৬২টি ভেন্টিলেটরের সুবিধা রয়েছে। পাশাপাশি একটি ক্যাথল্যাব, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হয়েছে।
এছাড়া চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে অত্যাধুনিক অটোক্লেভ মেশিন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সলিড ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম এবং পৃথক অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনে এক তলা থেকে অন্য তলায় রোগী স্থানান্তরের সুবিধার জন্য এক থেকে তিনতলা পর্যন্ত স্কেলেটরও রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকারি হাসপাতালে এ ধরনের সুবিধা নতুন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, নতুন ভবন চালু হলে আরও ৫০০ শয্যা যুক্ত হবে। বর্তমানে শয্যাসংকটের কারণে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হয়। নতুন ভবন চালু হলে আরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা বাড়ানোর লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তাঁর জন্মদিনে তাঁর ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটির উদ্বোধন করবেন বলে জানান তিনি।






