স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর মন্ত্রিসভায় জরুরি রদবদল, সন্ধ্যায় প্রজ্ঞাপন জারির সম্ভাবনা
টুইট প্রতিবেদক: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী ঘোষণা করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল করা হচ্ছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সালাহউদ্দিন আহমদকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন দায়িত্ব বণ্টনের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে না।
মির্জা ফখরুলের জায়গায় সালাহউদ্দিন
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। রাজনীতির পাশাপাশি আইন পেশায়ও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন।
গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে তাকে আনার মাধ্যমে মন্ত্রণালয়টির প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ্যানি
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য।
এ্যানি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হবে।
কেন দ্রুত রদবদল
বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্তের পরই তার বর্তমান প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব ছাড়ার বিষয়টি সামনে আসে। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি দলের মহাসচিবের পদ থেকেও সরে দাঁড়াবেন।
ফলে রাষ্ট্রপতি নির্বাচনের আগেই মন্ত্রণালয়ে নতুন দায়িত্বশীল ব্যক্তি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রম যাতে নেতৃত্বের পরিবর্তনের কারণে ব্যাহত না হয়, সে জন্য দ্রুত দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে গয়েশ্বর চন্দ্র রায়ের নাম রয়েছে।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই রাজনৈতিক অঙ্গনে বেশি আলোচিত হচ্ছে।
তার রাষ্ট্রপতি পদে যাওয়া নিশ্চিত হলে মন্ত্রিসভায় আরও কোনো পরিবর্তন আসে কি না, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
তবে নতুন দায়িত্ব বণ্টনের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এটিকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে না। সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি হলে মন্ত্রিসভার রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।






