‘জুলাই ব্যবসায়ী’ পোস্ট ঘিরে রাবি শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ, অভিযুক্তের দাবি-হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়
রাবি প্রতিনিধি: ফেসবুকে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
বুধবার (১২ আগস্ট) রাতে অভিযোগটি দেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত হোসেন।
অভিযোগে সিফাত জানান, কয়েক দিন আগে নিজের ব্যক্তিগত ফেসবুক পাতায় ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের সমালোচনা করে একটি পোস্ট দেন তিনি। সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। তবে পোস্টে কিছু গালিসূচক শব্দ থাকায় পরে সেটি মুছে দেন।
সিফাতের দাবি, এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পারেন, একই বিভাগের শিক্ষার্থী ও মঞ্চ-২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী তার বিরুদ্ধে ১০ লাখ টাকার মানহানির মামলা করার কথা বলেছেন। বিষয়টি জানতে ফাহিমের সঙ্গে যোগাযোগ করলে পরে হোয়াটসঅ্যাপে তাদের কথোপকথন হয়। ওই সময় তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
‘তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে’
অভিযোগপত্রে সিফাত দাবি করেন, তাকে মঞ্চ-২৪-এর আহ্বায়ককে নিয়ে সমালোচনা করার কারণে ‘যেকোনো কিছুর জন্য প্রস্তুত’ থাকতে বলা হয়। পাশাপাশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া তার বিরুদ্ধে ১০ লাখ টাকার মানহানির মামলা করা হবে এবং ‘প্রশাসন আমার পকেটে’-এমন বক্তব্য দিয়ে তাকে দেখা করার জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এসব ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সিফাত। হুমকির কারণে তার মানসিক শান্তি নষ্ট হচ্ছে এবং পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে বলে দাবি করেন তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগ অস্বীকার ফাহিমের
তবে সিফাতের অভিযোগ অস্বীকার করেছেন ফাহিম ফারুকী। তিনি বলেন, তাকে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়। কাউকে হুমকি দেওয়ার প্রমাণ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
ফাহিমের দাবি, সিফাতের করা পোস্টে তার সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল। বিভিন্ন সময় তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘জুলাই একটা ব্যবসা’-এ ধরনের মন্তব্যও ওই পোস্টে করা হয়েছে। এসব কারণে নিজেকে নিরাপত্তাহীন মনে করে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন বলে জানান ফাহিম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, তিনি সিফাতের অভিযোগপত্র গ্রহণ করেছেন। অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গেও তার কথা হয়েছে। ফাহিম বর্তমানে ঢাকায় রয়েছেন। দুজনের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রক্টর।






