হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও দাবি
টুইট ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।
ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে দাবি করে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্য, প্রণালিটির ওপর ইরানের আর কোনো নিয়ন্ত্রণ নেই।
হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ চলছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সেখানে মাইন পেতে রেখেছে এবং মার্কিন নৌবাহিনী বর্তমানে গুরুত্বপূর্ণ এই জলপথটি মাইনমুক্ত করার কাজ করছে। শিগগিরই পুরো প্রণালি মাইনমুক্ত করা সম্ভব হবে বলেও দাবি করেন তিনি।
ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে তিনি বিশ্বাস করেন না। দেশটি নিয়মিত তাকে মিথ্যা বলেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথের এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে যেকোনো ধরনের উত্তেজনা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে প্রণালির পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেলের বাজারে।






