মার্কিন ভিসায় বড় ধাক্কা, বাতিল ১ লাখ ৭৫ হাজার

অভিবাসন দমনে কঠোর যুক্তরাষ্ট্র, ভিসা বাতিলের তালিকায় অপরাধ ও ভিসা লঙ্ঘনকারীরা

টুইট ডেস্ক: অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতার আহ্বান, অপরাধমূলক কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি-এ ধরনের বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধারাবাহিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভিসাধারীদের কার্যক্রম পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো, ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থানের শর্ত মেনে চলছেন কি না এবং তাদের কর্মকাণ্ড মার্কিন নাগরিকদের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি করছে কি না, তা নিশ্চিত করা।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বাতিলের অন্যতম কারণ হিসেবে হামলা, মাদকসংক্রান্ত অপরাধ, চুরি এবং মাতাল অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধ উঠে এসেছে। এ ছাড়া ভিসা জালিয়াতি এবং ভিসার শর্ত লঙ্ঘনের কারণেও বিপুলসংখ্যক ভিসা বাতিল করা হয়েছে।

সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়া দম্পতিদের ভিসাও বাতিল

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করা শতাধিক দম্পতির ভিসা বাতিল করেছে। তাদের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি করা। এ ধরনের ভ্রমণকে সাধারণভাবে ‘জন্ম পর্যটন’ হিসেবে উল্লেখ করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন-এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে।

‘ভিসা কোনো অধিকার নয়’

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা একটি বিশেষ সুবিধা, কোনো অধিকার নয়। যারা ভিসার সুবিধার অপব্যবহার করবেন বা যুক্তরাষ্ট্রের আইন ও ভিসার শর্ত লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ভিসা বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত বছর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বৈধ ভিসাধারীসহ বিপুলসংখ্যক বিদেশি নাগরিককে দেশ থেকে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। তখন সেটিকে রেকর্ডসংখ্যক ভিসা বাতিলের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল। এবার সেই সংখ্যা আরও বেড়ে এক লাখ ৭৫ হাজারে দাঁড়িয়েছে।