রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতিতে স্পিকার-সিইসির বৈঠক

২০ আগস্ট ভোটের সম্ভাবনা, প্রার্থী ঘোষণা করেনি বিএনপি; জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ
টুইট ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং ভোটগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।
সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী হলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
জামায়াত জোটের প্রার্থী ঘোষণার পরই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের তৎপরতা বেড়েছে। এর আগে সোমবার (১০ আগস্ট) অনির্ধারিত বৈঠক করে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এটি হবে রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয়বারের মতো সরাসরি সংসদীয় ভোটের ঘটনা। ১৯৯১ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেছিলেন।
তবে গত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ঘোষণায় সেই ধারাবাহিকতায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।






