সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

টুইট ডেস্ক: দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাত ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন এসব খাত পুনর্গঠনের পালা এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিলেজ পাইলট কর্মসূচির আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির আওতায় তিনটি গ্রামের কার্যক্রম এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে পুনর্গঠন কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। দেশ পুনর্গঠনের এই যাত্রায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘সবার জন্য বাংলাদেশ’

প্রধানমন্ত্রী বলেন, কোনো একটি মন্ত্রণালয় বা বিভাগের একক প্রচেষ্টায় এসডিজির লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

‘কাউকে পেছনে ফেলে নয়’-এসডিজির এই মূলনীতির সঙ্গে সরকারের জননীতিরও সামঞ্জস্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সরকারের নীতি হলো ‘সবার জন্য বাংলাদেশ’।

প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে গুরুত্ব

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির মাধ্যমে সমন্বিত উন্নয়নের একটি কার্যকর মডেল তৈরি করা হবে। পরবর্তী সময়ে এই অভিজ্ঞতা দেশের অন্যান্য এলাকাতেও কাজে লাগানো সম্ভব হবে।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে। একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও বাংলাদেশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।