ফল আশানুরূপ না হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু

ফলাফল নিয়ে হতাশার পর মর্মান্তিক মৃত্যু; ভালো ছাত্রী ছিল কারিনা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহব্বতপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

কারিনা পাল উপজেলার চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের বরাতে জানা গেছে, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ কক্ষে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল বলেন, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল নিয়ে তার এমন মর্মান্তিক পরিণতি অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।