সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক আবির হোসেন, তাঁর পরিবারের সদস্য এবং সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২ আগস্ট শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় আবির হোসেন, তাঁর পরিবারের সদস্য এবং সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট হামলার শিকার হন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আলী বলেন, “আবির হোসেনের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তিনি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় হীরা ও হেলালসহ কয়েকজনকে আসামি করে শাহমখদুম থানায় মামলা করা হয়েছে। তবে তাঁদের অভিযোগ, মামলা দায়েরের পরও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি।
বক্তারা অবিলম্বে মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।






