স্ট্রোকে গুরুতর অসুস্থ রাবির আইবিএ শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, রাবি: ব্রেন স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
জানা গেছে, হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আইবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়।
সাইমনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।






