১/১১-তে আয়নাঘরে বন্দি ছিলেন তারেক রহমান: চিফ প্রসিকিউটর

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে আমিনুল ইসলামের দাবি, মিলেছে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ
টুইট ডেস্ক: এক-এগারোর সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন।
চিফ প্রসিকিউটর বলেন, এক-এগারোর সময় তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল। এ বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য ও প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, মানুষকে ধরে এনে অমানবিকভাবে জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। এসব বন্দিশালায় থাকা অনেক তথ্য ও প্রমাণ নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম বলেন, কেউ অপরাধ করলে তার বিচার অবশ্যই হতে হবে। তবে বিচারবহির্ভূতভাবে কাউকে আটক রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অনেকের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তে ভবিষ্যতে যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।






