জুলাইযোদ্ধাদের জীবিকার জন্য অটোরিকশা-রিকশা উপহার দিলেন তারেক রহমান

আত্মকর্মসংস্থানে সহায়তায় প্রধানমন্ত্রীর উদ্যোগ, যোদ্ধাদের সঙ্গে কথা বলে জানলেন পরিবার ও জীবিকার খোঁজ

টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজন যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য সিএনজি অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের হাতে এসব উপহারের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

সিএনজি অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিনটার বিদ্ধ হয়।

আজিজ শেখ সিএনজি অটোরিকশা চালিয়ে পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। তার সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী পড়াশোনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন।

গফফার জানান, উপহার পাওয়া একটি রিকশা তিনি ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে তিনি দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপহার পাওয়া বাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। একই সঙ্গে নিরাপদে এসব বাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।