নাটোরে গরুবাহী নসিমনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: নাটোরে গুরুদাসপুরে গরুবাহী নসিমন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে চাপা পড়ে আব্দুর রহমান মারা যান। দুর্ঘটনায় কয়েকটি গরুও মারা যায়।
গুরুতর আহত চারজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলীর মৃত্যু হয়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে যাওয়ার পথে জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।






