নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

সমন্বিত কর্মপরিকল্পনা দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ, সব সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান

টুইট ডেস্ক: রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে বুড়িগঙ্গাসহ দূষণকবলিত নদীগুলোর পরিবেশ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর নদীগুলোর দূষণ এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বর্তমান পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিলম্ব হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর ভয়াবহ প্রভাব বহন করতে হবে। তাই পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি তার বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বৈঠকে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে এ কার্যক্রমে সম্পৃক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়।

সভায় শিল্পকারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।