জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানে আলোচনা সভা শহীদ পরিবারকে সম্মাননা

শহীদদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

বান্দরবান প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বীর যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার ৫ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার আদায়ের এক ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, পার্বত্য বান্দরবানের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং জুলাই শহীদদের পরিবারের পাশে সবসময় থাকবে।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বীর যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।