তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; গণতান্ত্রিক চেতনা ও ইতিহাস চর্চার ওপর গুরুত্বারোপ।
নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের কাছে গণআন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, বিএনপির সাবেক আহ্বায়ক মাকদুম আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলমগীর হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামী যুববিভাগের সভাপতি কাজী সামছুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।







