জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

অসম্পূর্ণ ইতিহাসের অভিযোগে প্রতিবাদ শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ডকুমেন্টারি সংশোধনের ঘোষণা
টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। ডকুমেন্টারিতে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা ও শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি—এ অভিযোগ তুলে প্রতিবাদ জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।
বুধবার ৫ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে একযোগে প্রতিবাদ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে ডকুমেন্টারির বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানান। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মঞ্চে উঠে উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তবে তাঁর আহ্বানের পরও প্রতিবাদ অব্যাহত থাকে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। তিনি আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপির নেতা আক্তার হোসেনকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। আক্তার হোসেন উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আবার মঞ্চে এসে ডকুমেন্টারিতে থাকা অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত সবার কাছে ক্ষমা চান। তিনি জানান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের নিয়ে ডকুমেন্টারিটি পুনরায় পর্যালোচনা করা হবে। তাঁদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন করে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, আত্মত্যাগ ও প্রেক্ষাপট যথাযথভাবে সংযোজন করা হবে।
এ ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠানের বাকি কর্মসূচি নির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন হয়।
তবে অনুষ্ঠানের একপর্যায়ে এনসিপির নেতা আক্তার হোসেন আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময়ও একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। পরে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে অডিটোরিয়াম ত্যাগ করেন।





