শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ৭ স্কুল বন্ধ ঘোষণা

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি নিরাপদ আশ্রয়ে সাড়ে তিন হাজার মানুষ

টুইট ডেস্ক: প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। দুর্যোগে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতির অবনতির কারণে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার সব স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে ওই অঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া আকস্মিক বন্যায় প্রাণ হারান আরও দুজন।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, দুর্যোগে ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নৌবাহিনী ও স্থলবাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারীরা প্লাবিত এলাকা থেকে নারী, শিশু ও বয়স্কদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন।

দেশটির মধ্যাঞ্চলের নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলা পাহাড়ি এবং ভূমিধসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় প্রায় প্রতি বছরই এসব এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে স্কুল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর ঘূর্ণিঝড় দিতওয়াহের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও একই অঞ্চলে টানা বৃষ্টিপাত নতুন করে দুর্ভোগ সৃষ্টি করেছে।