জুলাই স্মৃতি জাদুঘর সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

পরবর্তী প্রজন্মকে ইতিহাস জানাবে এই জাদুঘর ফ্যাসিবাদের মুখোশও উন্মোচিত হবে বলে মন্তব্য

টুইট ডেস্ক: ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন এই জাদুঘর শুধু জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বহন করবে না বরং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম আত্মত্যাগ ও সাহসিকতার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে।

বুধবার ৫ আগস্ট সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে। একই সঙ্গে এটি আমাদের সংগ্রাম আত্মত্যাগ ও সাহসকে জাতীয় স্মৃতিতে ধারণ করার একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে কাজ করবে।

তিনি বলেন আজকের দিনটি দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে বলে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন ফ্যাসিবাদের আমলে গুম ও খুনকে স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা মেনে নিতে পারেনি।

তিনি আরও বলেন গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে। সেই দায়িত্ব পালনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত আলোকচিত্র দলিলপত্র ও স্মারক ঘুরে দেখেন। বৃহস্পতিবার ৬ আগস্ট থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।