সড়কপথে চাঁদাবাজি বন্ধে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগ

সড়কপথে চাঁদাবাজি বন্ধে রাজশাহীতে জেলা পুলিশ-পরিবহন মালিকদের মতবিনিময় সভা। ‘জিরো টলারেন্স’ নীতিতে অবৈধ আদায় বন্ধের ঘোষণা, নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে যৌথ উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: সড়কপথে অবৈধ চাঁদাবাজি বন্ধ, যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে রাজশাহীতে জেলা পুলিশ ও পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
সভায় মহাসড়ক ও জেলা সড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “মহাসড়ক ও জেলা সড়কে কোনো ধরনের অবৈধ আদায় বা চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।”

সভা শেষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন মালিক সমিতির সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। এ সময় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দও চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে জেলা পুলিশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।