সিল্কসিটি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

টুইট ডেস্ক: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ‘ঝ’ বগিটি লাইনচ্যুত হয়। সঙ্গে সঙ্গে শিকল টেনে ট্রেনটি থামানো হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত বগি উদ্ধার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, ১৪টি বগিবিশিষ্ট সিল্কসিটি এক্সপ্রেসের ‘ঝ’ বগিটি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ট্রেনের সামনের চারটি বগি ও ইঞ্জিন দুপুর ১২টা ২০ মিনিটে সয়দাবাদ স্টেশনে নিয়ে আসা হয়েছে। বাকি বগিগুলো জামতৈল স্টেশনের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ সময় নীলসাগর এক্সপ্রেস সয়দাবাদ স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।

উল্লাপাড়া স্টেশনের স্টেশনমাস্টার আবদুল বাতেন বলেন, এখন পর্যন্ত উল্লাপাড়া স্টেশনে কোনো ট্রেন এসে পৌঁছায়নি। তবে অন্য কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকার খবর পাওয়া গেছে।

লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন সকাল ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ স্টেশন বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছে।

রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, উদ্ধারকারী ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে। পাশাপাশি ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্তও করা হবে।