অভিনেত্রী রিনা রহমান আর নেই

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৩ আগস্ট রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ
টুইট ডেস্ক: দেশের বরেণ্য অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।
সংগঠনটির পক্ষ থেকে এক শোকবার্তায় রিনা রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গুণী শিল্পী। অসুস্থতার মধ্যেও তিনি নিয়মিত অভিনয় করে গেছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি কাজ কিছুটা কমিয়ে দিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির জনপ্রিয় নাটক ‘সংশপ্তক’, চলচ্চিত্র ‘ঠিকানা’, ‘ঘানি’ এবং ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।
রিনা রহমানের মৃত্যুতে দেশের নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন।






