১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর, ৮-১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে দ্বিপক্ষীয় বৈঠক ও নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তারেক রহমান
টুইট ডেস্ক: জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন, বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
সরকার ও কূটনৈতিক সূত্র জানায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর হবে ৮ থেকে ১০ দিনের। নিউইয়র্কের কর্মসূচি শেষে তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে। তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে কাজ করছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রধানদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।
এদিকে এবারের অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের মূল অধিবেশনে ভাষণ দেবেন এবং অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী-যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে অংশ নেবেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর দলীয় নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের। অন্যদিকে নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ আশা প্রকাশ করেন, এ সফর বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি প্রবাসী নেতাকর্মীদের সঙ্গেও নতুন যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ বিভিন্ন সাংগঠনিক দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত জুনে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে জনশক্তি, বাণিজ্য, করিডোর ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রী অন্য কোনো বিদেশ সফরের পরিকল্পনা করছেন না।






