বেনজীরকে দেশে ফেরাতে তৎপর সরকার, অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

টুইট ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জামিনে মুক্তি পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএই আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পরপরই সরকার সেখানে নিয়োজিত ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন এবং আদালতে প্রয়োজনীয় পিটিশন দাখিলের নির্দেশ দিয়েছে।

তিনি জানান, ইউএই রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। আদালতের আদেশের শর্তগুলো জানতে সার্টিফায়েড কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক—উভয় প্রক্রিয়াই সক্রিয় রয়েছে। তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে।

সাম্প্রতিক বোমা-আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে এবং আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ব্যবস্থা নিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে কোনো পক্ষ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

৫ আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নেই। তবুও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের দাবি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উগ্রবাদী তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।