সংসদকেই রাজনীতির কেন্দ্রবিন্দু করার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের

টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান ও মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নে জাতীয় সংসদকে রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়।
সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও ভোটাধিকারের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে, যা জাতির জন্য আত্মসমালোচনার বিষয়। তবে জনগণের ভোটে গঠিত বর্তমান সংসদকে কার্যকর ও গণতান্ত্রিক বিতর্কের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, “রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটি প্রবণতা কাজ করছে। সংসদকে কার্যকর করা এবং রাজনৈতিক প্রক্রিয়াকে গণতান্ত্রিক ধারার মধ্যে রাখা আমাদের সবার দায়িত্ব।”
জুলাই সনদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদদের রক্তে রঞ্জিত এই সনদের শতভাগ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সংসদের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, অতীতে বিরোধী দলে থেকে যেমন গণতন্ত্র ও সুশাসনের জন্য আন্দোলন করা হয়েছে, তেমনি এখন সরকারে থেকেও জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করা হচ্ছে। গণতান্ত্রিক সব শক্তির ঐক্য ও কার্যকর সংসদীয় রাজনীতির মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য দেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






