রাজশাহীতে বাসে ১১২ বোতল ফেনসিডিল, র্যাবের জালে মাদক কারবারি

যাত্রীবেশে ঢাকায় নেওয়ার সময় কড়াইতলা মোড়ে অভিযান, উদ্ধার দুই ব্র্যান্ডের ফেনসিডিল
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে দূরপাল্লার যাত্রীবাহী বাসে যাত্রীবেশে ফেনসিডিল পরিবহনের সময় ১১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
সোমবার (৩ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কড়াইতলা মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর (বারিকবাজার) এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৪২)।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল কড়াইতলা মোড়ে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী জমজম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামের কাছ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের মধ্যে ৫৫ বোতল এস্কাফ এবং ৫৭ বোতল ফেয়ারডিল ব্র্যান্ডের।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যেই তিনি নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র্যাব-৫ জানিয়েছে।






