বান্দরবানে হামের প্রকোপ বাড়ছেই, হাসপাতালে অক্সিজেন মেশিন দিল পৌরসভা

২৪ ঘণ্টায় নতুন ২১ রোগী ভর্তি, সদর হাসপাতালে ১৫টি অক্সিজেন ফ্লো মেশিন ও ৩২টি ক্যানুলা সেট হস্তান্তর

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবান সদর হাসপাতালে নতুন করে আরও ২১ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন দুর্গম পাহাড়ি এলাকা থেকে নতুন রোগী আসায় হাসপাতালের ওপর চাপ বাড়ছে।

এ পরিস্থিতিতে চিকিৎসাসেবা জোরদারে এগিয়ে এসেছে বান্দরবান পৌরসভা। হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়াতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে পৌর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক আনুষ্ঠানিকভাবে সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১৫টি উন্নতমানের অক্সিজেন ফ্লো মেশিন এবং ৩২টি ক্যানুলা সেট হস্তান্তর করেন।

চিকিৎসকদের মতে, হাম আক্রান্ত শিশুদের শ্বাসকষ্টজনিত জটিলতা মোকাবিলায় এসব অক্সিজেন ফ্লো মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা আরও কার্যকর হবে।

সরঞ্জাম হস্তান্তরকালে পৌর প্রশাসক এস. এম. মনজুরুল হক বলেন, সংকটের এই সময়ে হাসপাতালের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বান্দরবান পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা জানান, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করাও জরুরি হয়ে উঠেছে।