৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই নিষিদ্ধ আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

উগ্রবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক, বোমা আতঙ্কে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

টুইট ডেস্ক : ৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বোমাসংক্রান্ত যেসব ঘটনা সামনে এসেছে, সেগুলো নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। আশুলিয়ায় উদ্ধার হওয়া বোমাসদৃশ ব্যাগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাই কর্তৃপক্ষ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কী কারণে জামিন দেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়েও প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।