যানজট নিরসনে নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট কমাতে ওয়াটার বাস চালুর উদ্যোগ, নদীদূষণ রোধ ও তীর সংরক্ষণেও জোর

টুইট ডেস্ক: রাজধানী ঢাকার যানজট কমানো, পরিবেশ সংরক্ষণ এবং বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে চারপাশের নৌপথ দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা রক্ষা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার চারপাশের নৌপথে যাত্রী পরিবহনে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পরিবেশ সংরক্ষণ ও নগরের সৌন্দর্য বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নদীতীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরের সৌন্দর্যও বৃদ্ধি পায়।

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।