বগুড়ায় জঙ্গলঘেরা আস্তানায় ডিবির অভিযান: সন্ত্রাসী চক্রের প্রধানসহ গ্রেপ্তার ৩

অস্ত্র-মাদক-শকার উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালাল আরও কয়েকজন

নিজস্ব প্রতিনিধি: বগুড়া সদরের ঠেঙ্গামারা ও বাঘোপাড়া এলাকার সীমান্তবর্তী করতোয়া নদীর তীরের জঙ্গলঘেরা একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে কথিত সন্ত্রাসী চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশি রিভলবার, দেশীয় অস্ত্র, মাদক, নগদ টাকা এবং নির্যাতনের কাজে ব্যবহৃত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক শকার উদ্ধার করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া ডিবির এসআই শামীম আহমেদ ও এসআই ফজলুল হক জানান, ডিবির ওসি মো. ইকবাল বাহারের নেতৃত্বে তিনটি দল শনিবার রাত ১০টার দিকে করতোয়া নদীর তীরে একটি পেপার মিল ও টিএমএসএস কারখানার পেছনের নির্জন এলাকায় অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তাবু ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী আস্তানায় অবস্থান করে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

অভিযান চালিয়ে কথিত চক্রের প্রধান রকি ওরফে পিচ্চি রকি, তার সহযোগী রাকিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রের আরও পাঁচ থেকে সাত সদস্য করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রকি ওরফে পিচ্চি রকি শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের মৃত রতন মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর কাছে তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।