বিকাশে ১১ কোটি টাকার লেনদেন: তারাগঞ্জে ভিসা প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নগদ ৩.৬৫ লাখ টাকা, জাল থাই ভিসা, একাধিক মোবাইল ও প্রতারণার ডিজিটাল তথ্য জব্দ।
নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): মেহেরপুর থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ব্যবহৃত বিকাশ হিসাব ও মোবাইল নম্বর বিশ্লেষণ করে প্রায় ১১ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে তারাগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল সালামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ছোট ভাই সিয়াম ও বাবা মোজাহারুলকেও আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকে মেহেরপুরে নেওয়া হয়। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা, চারটি স্মার্টফোন, চারটি বাটন ফোন, কথিত জাল থাই ভিসা এবং লোন ও লটারি-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
একই পরিবারের তিন সদস্য আটক; জব্দ করা ডিভাইসে মিলেছে অনলাইন ক্যাসিনো ও কথিত জাল ভিসার তথ্য।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত সিম ও বিকাশ হিসাবের তথ্য বিশ্লেষণে প্রায় ১১ কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। এছাড়া জব্দ করা মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ওয়েবসাইটের অ্যাকাউন্ট, বিদেশি নম্বরে ব্যবহৃত ইমো ও হোয়াটসঅ্যাপ এবং প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য-উপাত্ত পাওয়া গেছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মেহেরপুর থানায় এক ভুক্তভোগীর দায়ের করা প্রতারণা মামলার তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের ভাষ্য, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার করা আলামত, ডিজিটাল ডিভাইস এবং আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে এই প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।






