জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে জামায়াতের গণমিছিল

নিউমার্কেট থেকে সাহেববাজার জিরো পয়েন্ট পর্যন্ত মিছিল; গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি
টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা।
গণমিছিলটি রাজশাহী নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে মনিচত্বর, আলুপট্টি ও কুমারপাড়া হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জনগণের গণরায়ের প্রতি শ্রদ্ধা জানানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় বক্তারা বলেন, কোনো জাতি তার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরাচারমুক্ত একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই প্রত্যয়ের সঙ্গে কোনো ধরনের আপস জনগণ মেনে নেবে না বলেও তারা মন্তব্য করেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ডা. মো. জাহাঙ্গীর, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ত্রাণবিষয়ক সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ এবং তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।






