বান্দরবানে হাম আক্রান্তদের পাশে জেলা বিএনপি

বান্দরবান সদর হাসপাতালে রোগীদের খোঁজ নিলেন সদস্য সচিব জাবেদ রেজা; প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জনবল বাড়ানোর দাবি

বান্দরবান প্রতিনিধি: হামের প্রাদুর্ভাবে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে বান্দরবান জেলা বিএনপি। শনিবার বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। পরে জেলা বিএনপির উদ্যোগে হাম আক্রান্ত রোগীদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

জাবেদ রেজা বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে চিকিৎসাসেবাকে আরও কার্যকর ও মানবিক করতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা জরুরি।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দলটি অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আক্রান্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান জেলা বিএনপির এই নেতা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তোষার, লিটল বিশ্বাস, আবিদুল রহমান, সদস্য চনুমংসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জাবেদ রেজা চিকিৎসাধীন সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।