যারা আমাকে গালি দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম: মোদি

বিক্ষোভকারী শিক্ষার্থীদের শাস্তি নয়, সঠিক পথ দেখানোর আহ্বান; গালিগালাজের ঘটনায় চলছে আইনি প্রক্রিয়া
টুইট ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক এক বিক্ষোভে তাকে ও তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করা শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তরুণদের শাস্তি না দিয়ে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র তথ্য অনুযায়ী, শুক্রবার (৩১ জুলাই) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন মোদি।
তিনি বলেন, যন্তর মন্তরের বিক্ষোভে কিছু শিক্ষার্থী তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছে। বিষয়টি কষ্টদায়ক হলেও তরুণদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
মোদি বলেন, **“যারা আমাকে গালি দিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিলাম। সমাজও আমার এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নেবে বলে আশা করি।”**
নিজের বক্তব্য ব্যাখ্যা করতে একটি উদাহরণ টেনে তিনি বলেন, **“অনেক সময় নিজের দাঁতেই নিজের জিহ্বা কেটে যায়। তখন কি আমরা দাঁত ভেঙে ফেলি? না। কারণ দাঁত আর জিহ্বা—দুটোই আমাদের নিজের।”**
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, যারা ভুল পথে পরিচালিত হয়েছে, তাদের সঠিক পথ দেখানো সমাজের দায়িত্ব। আদালতে টেনে নেওয়া বা সামাজিকভাবে হয়রানি করলে ইতিবাচক পরিবর্তন আসে না।
ভিডিও বার্তার শেষাংশে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং জীবনে সফল হওয়ার চেষ্টা করতে হবে।
গালিগালাজের ঘটনায় মামলা
এদিকে, মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নয়ডার এক নারীর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করা হয়।
ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(১) ও ৩৫৬(১) ধারায় দায়ের হওয়া মামলাটি পরবর্তী তদন্তের জন্য দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারতে জিরো এফআইআর এমন একটি ব্যবস্থা, যেখানে অপরাধ যে এলাকায় সংঘটিত হোক না কেন, দেশের যেকোনো থানায় মামলা গ্রহণ করা যায়। পরে তদন্তের জন্য সেটি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।






