প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা; তিন দিনের সফরে ঢাকায় মার্কিন দূত

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পায়।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক সংলাপের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন তিনি। সেখানে ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন সার্জিও গর।

সফরের আগের দিন তিনি জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে। একই সঙ্গে সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।