জুমার নামাজ শেষে উন্নয়নকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

মাদ্রাসার নির্মাণাধীন ভবন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখলেন; নাগরিক সেবা উন্নয়নে দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন শুক্রবার (৩১ জুলাই) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদ ও হাফেজিয়া ক্বারিয়ানা কওমি মাদ্রাসায় পবিত্র জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে তিনি হাফেজিয়া ক্বারিয়ানা কওমি মাদ্রাসার নির্মাণাধীন আবাসিক ভবনের কাজ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে প্রশাসক মাহফুজুর রহমান রিটন আসাম কলোনি বউবাজার রবের মোড়সংলগ্ন বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এলাকাবাসীর চলাচল সহজ করা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
রাসিক সূত্রে জানানো হয়েছে, নগরবাসীর জন্য উন্নত, আধুনিক ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।






