শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

লোকসভার স্থায়ী কমিটির সুপারিশ; রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নয়, বাংলাদেশে দ্রুত ভিসা সেবা স্বাভাবিক করারও তাগিদ

টুইট ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ খতিয়ে দেখার সুপারিশ করেছে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে আন্তর্জাতিক দায়বদ্ধতা ও ভারতের নীতিগত অবস্থান বজায় রেখে বিষয়টি বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় উপস্থাপিত ‘ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক নবম প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের মানবিক ঐতিহ্যের অংশ হলেও বাংলাদেশ সরকারের প্রত্যর্পণসংক্রান্ত অনুরোধ আন্তর্জাতিক মূল্যবোধ ও আইনগত কাঠামোর আলোকে বিবেচনা করা উচিত।

কমিটি আরও জানিয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে না।

এদিকে বাংলাদেশে সীমিত ভিসা কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। তারা নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে ভিসা সেবা স্বাভাবিক করার সুপারিশ করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কনস্যুলার সহযোগিতা জোরদার এবং ভিসা–সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে একটি যৌথ ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশ থেকে তাদের কনস্যুলার কর্মীদের একটি বড় অংশ সরিয়ে নেয়। বর্তমানে পাঁচটি ভিসা কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন প্রায় দেড় হাজার ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশই চিকিৎসা ভিসা। পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে ভিসা কেন্দ্র ও ভিসার সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।