বাংলাদেশসহ ১৩ দেশকে নিয়ে নৌ নিরাপত্তা জোট গঠন করল সৌদি আরব

লোহিত সাগর, বাব এল-মান্দেব ও এডেন উপসাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে যৌথ প্রতিরক্ষা উদ্যোগ; জোটে বাংলাদেশ, পাকিস্তান, মিশরসহ ১৩ দেশ

টুইট ডেস্ক: নৌপথের নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখাই এ জোটের মূল লক্ষ্য।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানায়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই জোট গঠন করা হয়েছে। এর আওতায় সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ মহড়া, অভিযান সমন্বয় এবং সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।

জোটে স্বাক্ষরকারী দেশগুলো হলো-সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, হরমুজ প্রণালির সংকট এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সৌদি আরব জানিয়েছে, এটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক জোট এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি।

বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন বিপুল পরিমাণ তেল বাব এল-মান্দেব প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ নৌপথের নিরাপত্তা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।