ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

তিন দিনের সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, সার্জিও গোরের এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের প্রথম দিনেই বিশেষ দূত সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফর, বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক তৎপরতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। সফরে ঢাকা–ওয়াশিংটন সম্পর্ক, আঞ্চলিক কৌশল, অর্থনৈতিক সহযোগিতা এবং পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে বাংলাদেশ সফরকারী এটি তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার সফর। এর আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

কূটনৈতিক সূত্রের ধারণা, সফরে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি প্রয়োজন হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও বাংলাদেশের নেতৃত্বের কাছে তুলে ধরতে পারেন সার্জিও গোর।

২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। বর্তমানে নয়াদিল্লিকে কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করে তিনি বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছেন।