বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে জোন কমান্ডার

বিশেষ চিকিৎসায় এমডিএস ও অ্যাম্বুলেন্স সহায়তার ঘোষণা
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি, বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের পরিদর্শন করেছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবগত হন। একই সঙ্গে তিনি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জোন কমান্ডার গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, রোগীদের উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস) এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। এছাড়াও জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহায়তা নিশ্চিত করা হবে।
বিশেষ করে দুর্গম রুমা ও থানচি এলাকা থেকে রেফার করা রোগীদের জন্য এই সহায়তা বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পরিদর্শন শেষে জোন কমান্ডার চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
উপস্থিত রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগের জন্য বান্দরবান সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।






