শিল্পখাতের গ্যাস সংকট নিরসনে আশ্বাস প্রধানমন্ত্রীর

উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক, সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের প্রতিশ্রুতি
টুইট ডেস্ক: শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বৈঠকে বিটিএমএ নেতারা জানান, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।
শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। টেক্সটাইল খাতের বর্তমান বাস্তবতা ও উদ্যোক্তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন তিনি।
তিনি আরও জানান, পুরোপুরি বন্ধ এবং আংশিকভাবে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর বিস্তারিত তথ্য সরকার চেয়েছে। কোন কারখানার কী ধরনের সহায়তা প্রয়োজন, তা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
বিটিএমএ সভাপতি বলেন, শিল্পখাতের সংকট সমাধানে সরকারের আন্তরিক অবস্থান উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেবে বলেও বৈঠকে জানানো হয়েছে।






