রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি, ৩০০ চারা বিতরণ

শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ; পরিবেশ রক্ষায় বৃক্ষের পরিচর্যার ওপর গুরুত্বারোপ
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মতিহার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনির উদ্যোগে নগরীর তালাইমাড়ি ও কাজলা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সবুজ নগরী গড়ার লক্ষ্যে তালাইমাড়ি দারুল উলুম মাদ্রাসা ও কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) যুবদলের আহ্বায়ক ইমদাদুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ হোসেন, ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) জাসাসের সভাপতি আল আমিন মিলন, যুবনেতা মো. লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া তালাইমাড়ি দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ, কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় বশির উদ্দিন সনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচির ধারাবাহিকতায় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে নগরজুড়ে ২৫ লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই যুবদলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, শুধু গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্ব যুবদলের নেতাকর্মীরা পালন করবেন বলেও তিনি জানান।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণ জরুরি।






