হারানো ৫০টি মোবাইল: মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ

আইসিটি শাখার প্রযুক্তি সহায়তায় উদ্ধার; ৮ থানার জিডির ভিত্তিতে কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার আটটি থানায় হারানো মোবাইল ফোনের বিষয়ে বিভিন্ন সময়ে ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে তা ফিরিয়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া ৫০টি মোবাইলের মধ্যে রয়েছে, ভিভো ১০টি, স্যামসাং ৯টি, রিয়েলমি ৯টি, শাওমি ৮টি, টেকনো ৩টি, ওপ্পো ৩টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, অনার ২টি, ওয়ানপ্লাস ১টি এবং নোকিয়া ১টি।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, “উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভবিষ্যতেও জনগণকে আরও কার্যকর সেবা দেওয়া হবে।”
হারানো মোবাইল ফিরে পেয়ে উপকারভোগীরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের জনবান্ধব উদ্যোগ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়াবে।







