সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

‘সুপিরিয়র কমান্ড দায়বদ্ধতা’ নীতিতে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
টুইট ডেস্ক: জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমন-পীড়নে সংশ্লিষ্টতার অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে বাংলাদেশ আজাদ পার্টির (বিএপি) সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান এ অভিযোগ জমা দেন।
অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসিনুর রহমান দাবি করেন, জুলাই আন্দোলন চলাকালে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করলেও তৎকালীন রাষ্ট্রপতি এ পরিস্থিতিতে কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে ওই সময় তার পদত্যাগ করার সুযোগ ছিল। কিন্তু তিনি তা করেননি। ফলে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী এই গণহত্যার দায় এড়ানোর সুযোগ নেই।’
বিএপির পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরপেক্ষভাবে তদন্ত করা হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন বলে তারা আশা করছেন।
তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগটি যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






