পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন থেকে গুলশানে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি

পদত্যাগের দুই দিন পর গুলশানের বাসায় গমন; স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন

টুইট ডেস্ক: পদত্যাগের দুই দিন পর আজ রোববার দুপুরে বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দুপুর ২টা ২৫ মিনিটে তিনি সপরিবারে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলায় রওনা হন।

গত ২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান তিনি। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ কার্যকর হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে হবে।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে হৃৎযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে, যার কারণে মাঝে মাঝে সাময়িক চেতনা হারান। এসব কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় তিনি পদত্যাগ করেন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানান।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের মেয়াদের কথা থাকলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।

পারিবারিক ও বঙ্গভবন সূত্রে জানা গেছে, পদত্যাগের পর থেকেই বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি চলছিল। শনিবার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে আজ রোববার তিনি চূড়ান্তভাবে সরকারি বাসভবন ত্যাগ করেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি মহল থেকে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তবে সরকারিভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।