সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মানবতাবিরোধী অপরাধের তদন্তের দাবি, পৃথক অভিযোগ সাহাবুদ্দিনের বিরুদ্ধেও

টুইট ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান জানান, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের দাবিতে দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আবেদন করা হয়েছে।

তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মো. সাহাবুদ্দিন প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। এছাড়া আয়নাঘর, গুম ও হত্যার মতো অভিযোগের বিষয়েও তিনি কোনো প্রতিবাদ জানাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে আরও বলা হয়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম ও বিভিন্ন হত্যাকাণ্ডের সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। তাদের দাবি, আন্তর্জাতিক আইনে প্রচলিত ‘উচ্চতর দায়িত্ব’ নীতির আলোকে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকাও তদন্তের আওতায় আনা উচিত।

দলটির অভিযোগ, তৎকালীন রাষ্ট্রপতিরা রাষ্ট্রীয় দায়িত্বে থেকে সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেননি এবং এ কারণে তাদের ভূমিকা তদন্তের প্রয়োজন রয়েছে।

এদিকে, একই দিনে গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগ এনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।

তবে উল্লেখ্য, এসব অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে। ট্রাইব্যুনাল এখনো অভিযোগগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত বা রায় দেননি এবং অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।